পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় সড়কে নছিমনের সাথে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার পুঠিয়া–তাহেরপুর সড়কের নিমতলা বাজার এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তবে নিহত দুইজনের বাড়ি রাজশাহী নগরীর লিলি হল এলাকার পাশেই বলে জানিয়েছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম।
প্রতক্ষ্যদর্শীরা জানান, তাহেরপুর থেকে আসা একটি শ্যালো মেশিনচালিত নছিমনের সঙ্গে পুঠিয়া থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নছিমনের মালিক ও মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, “আমার গাড়ির দুজন লোক মারা গেছে। গাড়িতে প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। এতে আমার অনেক ক্ষতি হয়েছে”।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুরগি বহনকারী নছিমনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত রয়েছেন। এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে স্বজনরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।