রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-৫। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১:৪৫ ঘটিকায় সিপিএসসি, র্যাব-৫-এর একটি আভিযানিক দল চন্দ্রীমা থানার ছোট বনগ্রাম এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় ১২টি পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিস্ফোরকগুলো চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রাথমিক ধারণা ধারণা করা হচ্ছে যে আসন্ন নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করা হয়েছিল।
তৎপরতা এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সঙ্ঘবদ্ধ অপরাধ দমনে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।