February 14, 2026, 11:12 pm

নিক্কণ ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে বসন্ত বরণ

নিক্কণ ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে বসন্ত বরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নিক্বণ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে।

নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পহেলা ফাল্গুনের সকালে ছিল উৎসবমুখর পরিবেশ। নাচে-গানে আর গুণীজনদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন প্রাঙ্গণ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৃত্যগুরু হাসিব পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাঙালির লোকসংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

​বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিজ্ঞানী প্রফেসর ইকবাল মতিন, রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার, রাজশাহী শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল এবং যমুনা টিভির সিনিয়র সাংবাদিক শিবলী নোমান।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজস্ব সংস্কৃতিই একটি দেশ ও জাতির প্রকৃত পরিচয় বহন করে। দেশ ও জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব এদেশের প্রতিটি নাগরিকের। তাই নতুন প্রজন্মের কাছে বাঙালির এই চিরায়ত উৎসবের গুরুত্ব পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

নূর হোসেন মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। বসন্তের বর্ণিল সাজে সজ্জিত হয়ে শিল্পীরা মঞ্চে মনোমুগ্ধকর নৃত্যশৈলী পরিবেশন করেন। আয়েশা আক্তার ডালিয়া ও সাদিকা সারোয়ার উপমার চমৎকার নৃত্য পরিচালনায় পুরো অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.