February 15, 2026, 6:36 pm

নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী দুজন হলেন দুলু ও এনতাজ।

স্থানীয়দের অভিযোগ, দুলু দীর্ঘদিন ধরেই খাসির মাংসের ব্যবসা করে আসছেন। বিদেশি উন্নত জাতের খাসির মাংস বলে তাদের কাছ থেকে কিছুটা চড়া দামে মাংস কিনতে হতো। কিন্তু রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ভিন্ন ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুলু তার বাড়ির পাশের এক ব্যক্তির কুকুর ধরে জঙ্গলে নিয়ে জবাই করে চামড়া খুলছিলেন। এ সময় কয়েকজন প্রতিবেশী বিষয়টি দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে দ্রুত পালিয়ে যান দুলু। পরে অনেক খোঁজাখুঁজি করেও দুলু ও এনতাজকে আর পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় এলাকার মাংস বিক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই দুই মাংস ব্যবসায়ীর কাছ থেকে দীর্ঘদিন ধরে অনেকেই মাংস কিনেছেন। কিন্তু কুকুরের মাংস বিক্রির অভিযোগ শোনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।’ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পর ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাকেও থানায় ডাকা হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.