নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৬” আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই মেলায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
শনিবার বিকাল ৩টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার পর্দা নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভূঁঞা, সিএসও। স্বাগত বক্তব্য দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছাঃ শারমিনা ইয়াসমিন।
স্বাগত বক্তব্যে ড. শারমিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাই ভবিষ্যতের বড় উদ্ভাবনের ভিত্তি। তিনি উল্লেখ করেন, আজকের একটি ছোট উদ্যোগ আগামী দিনের বড় আবিষ্কারের সূচনা হতে পারে।
বিশেষ অতিথি ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ড. সামিনা আহমেদ বলেন, এই মেলা তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা বাড়াতে এবং ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান ভূঁঞা বলেন, নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশ, বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি এবং জনচাহিদাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনই এ মেলার মূল উদ্দেশ্য।
মেলায় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী স্টলের মাধ্যমে ৫১টির বেশি বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করে মেলাকে প্রাণবন্ত করে তোলে। সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে সেরা স্টলগুলোকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়।
মেলায় ‘A’ গ্রুপ (৬ষ্ঠ–৮ম শ্রেণি) থেকে প্রথম স্থান অর্জন করেছে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল এবং তৃতীয় স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল।
‘B’ গ্রুপ (৯ম–১০ম শ্রেণি) থেকে প্রথম স্থান পেয়েছে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় হয়েছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়।
‘C’ গ্রুপ (১১শ–১২শ শ্রেণি/বিজ্ঞান ক্লাব/স্বশিক্ষিত বিজ্ঞানী) থেকে প্রথম স্থান অর্জন করেছে প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় হয়েছে ইঞ্জিনিয়ার’স ডিন এবং তৃতীয় স্থান অর্জন করেছে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজ।
উল্লেখ্য, মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। পাশাপাশি তথ্য ও প্রদর্শনী স্টলের মাধ্যমে বিসিএসআইআর-এর গবেষণা কার্যক্রম ও উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়।